বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে ভাইদের সংঘর্ষ: কৃষক নিহত, আহত ৪

বালিয়াকান্দি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:০৬ পিএম
বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে ভাইদের সংঘর্ষ: কৃষক নিহত, আহত ৪

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জামাল উদ্দিন শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ জানান, হাবিব শেখ তাঁর জমিতে পাওয়ার টিলার চালাচ্ছিলেন। এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল ও রাকিব তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। হাবিব শেখ মারপিট ঠেকাতে গেলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, হাবিব শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে এটি আঘাতজনিত মৃত্যু নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ইএইচ