চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি অনুমতি ছাড়া ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওল বিল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।
ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমোদন ছাড়াই ভাওল বিল সংলগ্ন ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী কৃষিজমিগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় এবং দোষী ব্যক্তিকে আর্থিক জরিমানা করে।
অভিযানকালে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান জানান, “ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন