জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় অবস্থিত কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক হুমায়ুন কবির তালুকদার।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এবং উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ।
সমাবেশে বক্তারা কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির তালুকদার বাদল, যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, মহিলা দলের সভাপতি সানোয়ারা বেগম, প্রভাষক কামরুল ইসলামসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন