মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা  প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:০০ পিএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার কলমাকান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মো. মামুন মিয়া (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গৌরীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। আটক মামুন মিয়া গৌরীপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর মো. আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামুন মিয়াকে ৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনায় ইন্সপেক্টর আল আমিন বাদী হয়ে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিকেলে আসামিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ইএইচ