কিশোরগঞ্জ-১: মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ২০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:০৪ পিএম
কিশোরগঞ্জ-১: মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ২০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। 

তার মনোনয়ন বাতিল করে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে ২০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা।

বিকেল ৩টায় কিশোরগঞ্জ সদর উপজেলার ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সাদুল্লাহচর থেকে চৌদ্দশত এলাকা পর্যন্ত এই অভূতপূর্ব মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক জজ রেজাউল করিম খান চুন্নুর সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু বলেন, “বিগত ১৭ বছর যারা জেল-জুলুম ও হামলা-মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন করেছেন, তাঁদের অবমূল্যায়ন করা হয়েছে। অথচ যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে থেকে নিজের আখের গুছিয়েছেন।”

মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের আবেগ উপেক্ষা করে দেওয়া এই মনোনয়ন অবিলম্বে বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন, যেখানে কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলামকে মনোনীত করা হয়। এরপর থেকেই ওই আসনে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ ও মিছিল অব্যাহত রয়েছে। আজকের এই দীর্ঘ মানববন্ধনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে।

ইএইচ