রংপুরের কাউনিয়ায় পাট চাষীদের দক্ষতা বৃদ্ধিতে 'উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ' প্রকল্পের আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে পাট অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা-২) ড. মোহাম্মদ মুখলেছুর রহমান। তিনি বলেন, দেশের পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উন্নত মানের বীজের বিকল্প নেই। তাই কৃষকদের স্বাবলম্বী করতে সরকার উন্নত প্রযুক্তি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিজেআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রিশাদ আব্দুল্লাহ। তিনি আধুনিক পদ্ধতিতে মানসম্মত পাট বীজ উৎপাদন, উন্নত প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং বীজ সংরক্ষণের বৈজ্ঞানিক কৌশল সম্পর্কে চাষীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৭৫ জন পাট বীজ উৎপাদনকারী চাষী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে চাষীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদনের বিষয়ে নতুন অনেক তথ্য জানতে পেরেছেন, যা ভবিষ্যতে তাদের ফলন বৃদ্ধিতে সহায়ক হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন