রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বালিয়াকান্দি–নারুয়া সড়কের পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।
আহতরা হলেন, নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০) ও আব্দুস সালাম শেখ (৫৫)। তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিশ্চিন্তপুর থেকে পেঁয়াজের চারা নিয়ে একটি ব্যাটারিচালিত অটো বালিয়াকান্দি বাজারের দিকে যাচ্ছিল। পথে নারুয়া থেকে আসা একটি অজ্ঞাত মাহেন্দ্রের সঙ্গে অটোটির সজোরে ধাক্কা লাগে। এতে অটোটি উল্টে গিয়ে যাত্রীরা সড়কের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন