খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি এবং বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের ব্যবসায়ীরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জানান, আজ বড়দিন উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি ও পণ্য খালাসসহ সব ধরনের কাজ স্থবির রয়েছে। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী শনিবার (২৭ ডিসেম্বর) থেকে পুনরায় বন্দরের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
তবে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বৈধ পাসপোর্ট ও ভিসা সম্পন্ন যাত্রীরা কোনো বাধা ছাড়াই দুই দেশের মধ্যে চলাচল করতে পারছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন