ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:১৭ পিএম
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের খ্রিষ্টান পল্লীতে অবস্থিত সাধু জোসেফের গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের সূচনা হয়।

ফাদার লেনার্ড রেভেরুর নেতৃত্বে আয়োজিত এই প্রার্থনায় খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রার্থনা শেষে চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো বড়দিনের কেক কাটেন পল্লীর শিশু-কিশোররা। এতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা এলাকা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের কর্মকর্তারা খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেন।

উৎসবের ধর্মীয় আমেজের পাশাপাশি ছিল সামাজিক দায়বদ্ধতার ছোঁয়া। স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় জোসেফ ডি সিলভা, জন ডি সিলভা ও ম্যালকম ডি সিলভাসহ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্য দিয়ে পুরো আয়োজনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

ইএইচ