খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে ৪০ বিজিবি পলাশপুর জোনের বিজিবি সদস্যরা।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১৩ কি.মি. উত্তর-পূর্ব দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গোমতী ইউনিয়নের বেহাদন্তপাড়া নামক স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় ১২ বোর পিস্তল, ২ রাউন্ড ১২ বোর তাজা এ্যামোনিশন (গুলি) ও ৩টি হাসুয়া (দা) উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ১,০১,৯০০ (এক লক্ষ এক হাজার নয়শত) টাকা। আটককৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও ব্যক্তির অনুপ্রবেশ প্রতিরোধে ৪০ বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানানো হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন