কাউনিয়ায় মানবসেবা সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:২১ পিএম
কাউনিয়ায় মানবসেবা সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরের কাউনিয়া উপজেলায় নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটিয়েছে ‘মানব সেবা সংগঠন’। 

শুক্রবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে উন্নত মানের রান্না করা খাবার বিতরণের মাধ্যমে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসের মতো এবারও স্থানীয় ছিন্নমূল ও পিছিয়ে পড়া মানুষের জন্য এই এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। কার্যক্রমটি তদারকি করেন মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহিম। 

এ সময় তিনি বলেন, "একটি মানবিক ও সুন্দর সমাজ গড়তে হলে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিষ্ঠার পর থেকেই আমাদের সংগঠন এই লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

খাবার বিতরণকালে সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য হাফিজার রহমান, সভাপতি সফিকুল ইসলাম, ক্যাশিয়ার লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তীব্র শীতের এই মৌসুমে এক বেলার তৃপ্তিদায়ক খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষরা। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে এ ধরনের মানবিক কর্মকাণ্ড এলাকার তরুণ প্রজন্মের মাঝে সমাজসেবায় উৎসাহ যোগাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

ইএইচ