রাঙ্গামাটির-আসামবস্তী কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় পানিবাহী ট্রাক চাপায় এক পাহাড়ি মহিলার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। নিহতের নাম কেনি চাকমা (৩২)। সে অংচিং মারমা চন্দনের স্ত্রী। নিহত মহিলা কেনি চাকমার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, আসামবস্তী কাপ্তাই সড়কে লেমুছড়ি এলাকায় নিহত কেনি চাকমা সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। সে সময় পানিবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-১৩-৮১৬৬) আসামবস্তী এলাকা থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে এই পাহাড়ি মহিলার মৃত্যু হয়।
ঘটনার সাথে সাথে স্থানীয় এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পানিবাহী ট্রাকটি রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে পানি লাইনের জন্য নিয়োজিত ছিলো বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, আসামবস্তী-কাপ্তাই সড়কে লেমুছড়ি এলাকায় দূর্ঘটনার খবর পাওয়ার পরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় ট্রাকে থাকা চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন