বালিয়াকান্দিতে আদিবাসীর জমি দখল, ইউএনওর দ্বারস্থ ভুক্তভোগী

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৩১ পিএম
বালিয়াকান্দিতে আদিবাসীর জমি দখল, ইউএনওর দ্বারস্থ ভুক্তভোগী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে এক অসহায় আদিবাসী পরিবারের জমি জবরদখল ও প্রতারণার অভিযোগ উঠেছে। 

উপজেলার রায়পুর গ্রামের নৃপেন্দ্রনাথ সরকার তার পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি উদ্ধারে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রায়পুর গ্রামের স্থায়ী বাসিন্দা নৃপেন্দ্রনাথ সরকার ও তাঁর ভাই নারদ চন্দ্র সরকার আরএস ও বিএস খতিয়ানভুক্ত বৈধ দলিলের মাধ্যমে মোট ২২ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। তবে প্রতিবেশী হাসিবুর রহমান কৌশলে জমির একটি অংশ নিজের নামে রেকর্ড করিয়ে নেন বলে অভিযোগকারীর দাবি। পরবর্তীতে আফজাল মোল্লা নামের আরেক ব্যক্তি নৃপেন্দ্রনাথের মালিকানাধীন জমির একটি অংশ জোরপূর্বক দখলে নেন। 

দীর্ঘ সময় ধরে নিজের দালিলিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগী।

অভিযুক্ত আফজাল মোল্লা জমি দখলের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে বলেন, “আমি ১০ শতাংশ জমি ক্রয় করলেও বর্তমানে ১৬ শতাংশ জমির ভোগদখলে আছি।” তবে অপর অভিযুক্ত হাসিবুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার দাপটে কাউকে অবৈধভাবে জমি দখলে রাখতে দেওয়া হবে না।” 

ভুক্তভোগী নৃপেন্দ্রনাথ সরকার প্রশাসনের হস্তক্ষেপে তার পৈতৃক জমি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

ইএইচ