আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
শরীফুল আলম বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমাদানকালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফুল আলম বলেন, “মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা শামিল হয়েছি। কুলিয়ারচর ও ভৈরবের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা দীর্ঘদিনের। নির্বাচিত হলে নদীভাঙন রোধ, কৃষি সংকট নিরসন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি পরিকল্পিত রোডম্যাপ নিয়ে কাজ করব।” তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন।
এর আগে সকালে তিনি কুলিয়ারচরের বেতিয়ারকান্দি এলাকায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। সেখানে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এরও আগে তিনি তার পিতা ও আলম গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়ার কবর জিয়ারত করেন। শরীফুল আলমের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ভৈরব ও কুলিয়ারচরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন