কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৩১ হাজার টাকা।
রোববার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, অভিযানে ইয়াবা, মদ, গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, মোবাইল ফোন, সোলার প্যানেল এবং কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। জালনোটসহ যেকোনো অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্তে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি অব্যাহত রেখেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন