শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি বাস্তবায়নের প্রত্যয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল প্ল্যাটফর্ম ‘অফিশিয়াল ট্রাম্প’-এর ক্যাবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার কাছে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।
রাজনীতিতে দীর্ঘ ও বর্ণাঢ্য পথচলার অধিকারী আনিসুজ্জামান খোকন ১৯৭৯ সালে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তিনি বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একান্ত ব্যক্তিগত সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ১১ নম্বর সেক্টরে কর্নেল আবু তাহেরের অধীনে কোম্পানি কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নেন। এর আগেও ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি; ১৯৭০ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুজ্জামান খোকন বলেন, “জিয়াউর রহমানের শাসনামলে আমি সংসদ সদস্য ছিলাম। তাঁর মৃত্যুর পর বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রেও আমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীতে আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দীর্ঘ ৪০ বছরেও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করিনি।” তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন তাঁর হাত ধরেই রাজনীতিতে এসে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যদিও বর্তমানে তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন।
বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে আনিসুজ্জামান খোকন বলেন, “বাংলাদেশের রাজনীতি এখন মূলত দুই ধারায় বিভক্ত—একটি ভারতপন্থি, অন্যটি আমেরিকাপন্থি। ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত করতে হলে আমেরিকার সহায়তা প্রয়োজন। আমি স্পষ্টভাবে আমেরিকার পক্ষে অবস্থান করছি।”
নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচনে আমার জয়ের সম্ভাবনা নেই। তবে আমি এসেছি রাজনীতির ধারা পরিবর্তনের জন্য। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অনেক ইতিহাস আজও মানুষ জানে না। আমি নিজে যুদ্ধ করেছি, প্রকৃত ইতিহাস আমি জানি—সেটিই মানুষের সামনে তুলে ধরতে চাই।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন