আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে জেলায় উত্তোলনকৃত ৩৮টি মনোনয়নপত্রের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলার ৪টি আসনের রিটার্নিং কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে নির্বাচনি আচরণবিধি মেনে রিটার্নিং কার্যালয়ে প্রত্যেক প্রার্থীর সঙ্গে ৫ জনের অধিক ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
কুড়িগ্রাম-১: এই আসনে মোট ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন, মো. আব্দুল হাই (জাকের পার্টি), এ কে এম মোস্তাফিজুর রহমান (জাতীয় পার্টি), সাইফুর রহমান রানা (বিএনপি), মো. আনোয়ারুল ইসলাম (জামায়াত), মো. হারিসুল বারী (ইসলামী আন্দোলন) ও মো. বিন ইয়ামীন মোল্লা (জিওপি)।
কুড়িগ্রাম-২: এই আসনে সর্বোচ্চ ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন, সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), পনির উদ্দিন আহমেদ (জাতীয় পার্টি), নূর মোহাম্মদ (কমিউনিস্ট পার্টি), ড. আতিক মুজাহিদ (এনসিপি), মো. আব্দুস সালাম (নাগরিক ঐক্য), মো. নজরুল ইসলাম খান (এবি পার্টি), মো. নূর বখত (ইসলামী আন্দোলন), মো. আতিকুর রহমান (বাংলাদেশ জাতীয় পার্টি) ও অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার (জামায়াত)।
কুড়িগ্রাম-৩: এই আসনে জমা পড়েছে ৭টি মনোনয়নপত্র। প্রার্থীরা হলেন, মো. মাহাবুবুল আলম (জামায়াত), তাসভীরুল ইসলাম (বিএনপি), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), ডা. মো. আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন), আব্দুল খালেক (স্বতন্ত্র), মামুন অর রশীদ (বাংলাদেশ খেলাফত মজলিস) ও সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী (গণ অধিকার পরিষদ)।
কুড়িগ্রাম-৪: এই আসনে মোট ৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন, কে এম ফজলুল মন্ডল (জাতীয় পার্টি), মো. আজিজুর রহমান (বিএনপি), শেখ মো. আব্দুল খালেক (বাসদ), মো. মোস্তাফিজুর রহমান (জামায়াত), মো. হাফিজুর রহমান (ইসলামী আন্দোলন), রাজু আহমেদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী), মো. রুকুনুজ্জামান (স্বতন্ত্র) ও মোছা. শেফালি বেগম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় জনসংযোগ ও আগাম প্রচারণায় নেমেছেন। উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তুলনামূলক শক্তিশালী হওয়ায় কে সুবিধাজনক অবস্থানে আছেন, তা এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
স্থানীয়দের মতে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেই ভোটের মাঠের স্পষ্ট চিত্র ফুটে উঠবে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, “জেলা ও উপজেলাগুলোতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন ছিল। জেলায় উত্তোলনকৃত ৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ৩০টি জমা পড়েছে।”
তিনি আরও জানান, কুড়িগ্রামে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং কোনো ধরনের সহিংসতার তথ্য পাওয়া যায়নি। নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীদের যথাসময়ে জানানো হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন