শরীয়তপুরের জাজিরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জাজিরা পৌরসভার আড়াচন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আড়াচন্ডি এলাকার মো. মামুন বেপারীর স্ত্রী আয়শা বেগম (৩৫), একই এলাকার মৃত হাসান উদ্দিন বেপারীর ছেলে মো. মামুন (৪২) এবং দক্ষিণ বাইকশা গ্রামের মান্নান ফকিরের ছেলে মো. সাগর ফকির।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি চৌকস দল আড়াচন্ডি এলাকার আয়শা বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে আসামিদের শরীয়তপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ্ আহাম্মদ জানান, “মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযানটি পরিচালিত হয়েছে। জাজিরা উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন