কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দায়িত্বরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানির অধীনে গঙ্গাহাট বিওপি ক্যাম্পে।
নিহত বিজিবির সিপাহি সদস্যের নাম নাসির উদ্দিন (২৩)। তার ব্যাচ নং ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার মামলা সূত্রে জানা যায়, রাত ১টা হতে সকাল ৭টা পর্যন্ত ওই বিজিবি সদস্য নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। ডিউটি শুরু করার জন্য ইউনিফর্ম পরে নিজ নামে ইস্যুকৃত অস্ত্র-গুলিসহ প্রস্তুত হন। এর মধ্যে ক্যাম্পের সৈনিক ব্যারাকের পূর্ব পাশে বাউন্ডারির ভেতরে ইস্যুকৃত অস্ত্রের এক রাউন্ড গুলি তার বুকে ফায়ার করলে ডান পাশে লেগে গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্যরা তড়িঘড়ি করে আহত বিজিবি সদস্যকে উদ্ধার করেন। পরে রাত দেড়টায় দ্রুত ওই বিজিবি সদস্যকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই বিজিবি সদস্যকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. বায়োজিদ হাসান জানান, গঙ্গাহাট বিওপি ক্যাম্পের একজন সদস্য গুলিবিদ্ধ হওয়ায় আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান।
কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, সুবেদার জাহাঙ্গীর আলমের লিখিত অভিযোগে নিহত বিজিবি সদস্যের একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন