আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আলী রেজা রাজু, আশুলিয়া প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:৫১ পিএম
আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের দুটি পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর হোসেন তারা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কমলাপুর নারায়ণপুর এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার কুমকুমারি পশ্চিমপাড়ায় বসবাস করছিলেন।

একই সময়ে ডিবির (উত্তর) অপর একটি চৌকস দল আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন (৩৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার লক্ষীকুল বাজার এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. মামুনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

ইএইচ