রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গম পাহাড়ে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে ৫৪ বিজিবি।
রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দিক-নির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হয়।
৫৪ বিজিবির অধীনস্থ শিয়ালদহপাড়া বিওপি কমান্ডার মো. মশিউর রহমান ও বিওপির সদস্যবৃন্দ তুইছুই পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সাথে এই আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভায় তুইছুই পাড়ার কারবারি ও স্থানীয় বাসিন্দাদের প্রতি নির্বাচন চলাকালীন যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় এবং ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারেন, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বলা হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হলেন বিওপি কমান্ডার মো. মশিউর রহমান, সংশ্লিষ্ট পাড়ার কারবারি এবং স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। পাহাড়ের শান্তিশৃঙ্খলা বজায় রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে সকল জনগোষ্ঠীর আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য বলে বিজিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন