রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায় ও বয়স্ক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে একশত শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাঘাইহাট জোনের জোন কমান্ডারের তত্ত্বাবধানে এবং উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক পিএসসি, ১৪ ই বেঙ্গলের উপস্থিতিতে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
এদিন ৬ নম্বর আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার একশত পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং শীতের পোশাক বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার রিপিকা চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও ইসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং এলাকার কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে, তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি।
সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে, সে জন্য এই ধরনের মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন