বালিয়াকান্দিতে ফসলি জমি কেটে মাটি বাণিজ্যের অভিযোগ

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০২:৪৯ পিএম
বালিয়াকান্দিতে ফসলি জমি কেটে মাটি বাণিজ্যের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর আবাসন এলাকায় তুষার বিশ্বাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ফসলি জমি কেটে কোটি টাকার মাটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের দাবি, প্রথমে জমির চারপাশে মাটি ফেলে বাঁধ তৈরি করা হয়, পরে ধীরে ধীরে জমির মাঝখান থেকে মাটি কেটে পুকুর খননের কাজ করা হয়।

এলাকাবাসী বলছে, এ পর্যন্ত এলাকা থেকে দুই থেকে আড়াই কোটি টাকার মাটি বাণিজ্য করা হয়েছে। তারা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে কৃষিজমি ধ্বংসের পাশাপাশি পরিবেশের ওপরও দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে।

স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন, ঘটনার সত্যতা যাচাই করে অনুমোদনবিহীন মাটি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগ রয়েছে, তুষার বিশ্বাস অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে যুক্ত ছিলেন এবং বর্তমানে আবার স্থানীয় নেতাদের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, অনুমতিবিহীন মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সত্যতা পেলে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ