কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৮ পিএম
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার ভোর সাড়ে ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের ফাজিলখাঁরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. আলী আব্বাস (২৮)। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি মাজারগেট এলাকার বাসিন্দা এবং মো. মুছার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আলী আব্বাস সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে রাতযাপন শেষে শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে নিজ বাড়ি আনোয়ারার উদ্দেশে রওনা দেন। পথে ফাজিলখাঁরহাট এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহী ঘটনাস্থলেই মারা যান। 

তবে স্থানীয় কয়েকজন দাবি করেছেন, কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষের ফলেই দুর্ঘটনাটি ঘটতে পারে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান জানান, ভোরে পিএবি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইএইচ