গোয়ালন্দে অসুস্থ পশুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

জাহিদুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:১৬ পিএম
গোয়ালন্দে অসুস্থ পশুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া হামিদ মৃধার হাটে গুরুতর অসুস্থ একটি গরুর বাছুর জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ভক্ষণ অযোগ্য প্রায় এক থেকে দেড় মণ মাংস মাটিতে পুঁতে বিনষ্ট ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাটের মো. হাসান মোল্লার মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযানের বিষয়টি টের পেয়ে মাংস বিক্রেতা ও কসাই হাসান মোল্লা সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পশুর জবাইকৃত মাংস জব্দ করা হয়। পরবর্তীতে তা ভক্ষণ অযোগ্য ঘোষণা করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট আইনে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, অসুস্থ গরুটি হাসান কসাই উপজেলার চর মহিদাপুর গ্রামের কৃষক মো. আলম খানের কাছ থেকে কিনেছিল।

এ বিষয়ে আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাছুর গরুটির বয়স ১৫ মাস ছিল। গত কয়েকদিন ধরে সেটি প্রচণ্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাহিল হয়ে পড়ে। গরুটি সুস্থ না হওয়ায় মো. বাদশা নামের একজনের মাধ্যমে মাত্র ৫ হাজার টাকায় সেটি হামিদ মৃধার হাটের কসাই মো. হাসান মোল্লার কাছে বিক্রি করে দেন। হাসান তার বাড়ির উঠান হতেই গরুটি জবাই করে মাংস বাজারে নিয়ে যান। 

তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ কৃষক। অসুস্থ গরু জবাই করা বা মাংস বিক্রির আইন সম্পর্কে কিছু জানি না।”

ইএইচ