পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় বশির শরীফ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বশির শরীফ মো. আব্দুল শরীফের ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। ভোরে বাড়ির পাশের একটি মাটির রাস্তায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বশির শরীফ অত্যন্ত ভদ্র ও ধার্মিক ছিলেন এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। কে বা কারা রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের বড় ভাই জাকির শরীফ বলেন, “রাত ১২টার দিকে বশির বাড়িতে না ফেরায় তার মোবাইলে ফোন দিই, কিন্তু ফোন রিসিভ না করায় ভেবেছিলাম সে হয়তো কোথাও আছে। সকালে আমাদের বড় ভাই ফজরের নামাজে যেতে গিয়ে বাড়ির দরজার পাশেই বশিরের মরদেহ দেখতে পান। পরে গিয়ে দেখি তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং শরীরজুড়ে রক্ত।”
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন