বিজিবির উদ্যোগে শীতার্তদের কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৩:২২ পিএম
বিজিবির উদ্যোগে শীতার্তদের কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ ক্রফোর্ট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের মাঝে খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক (৪৭ বিজিবি)।

বিতরণকালে অধিনায়ক বলেন, সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা আর্তমানবতার সেবায় নিয়োজিত। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করা এবং কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বিজিবি’র পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিজিবি’র অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি’র এ মানবিক সহায়তায় স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

জেএইচআর