দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:২০ পিএম
দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে শাহ জালালের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি পৃথক মামলা দায়ের রয়েছে। 

এএন