কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে মো. বজলুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কৃষক বাবার সাথে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে জুবায়ের উত্তেজিত হয়ে তার বাবাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথেই হয়তো তার মৃত্যু হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক জুবায়েরকে ধরতে ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন