১০ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৩:১৮ পিএম
১০ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) এর অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার কুমিল্লা জেলার সদর কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মো. খোকনের স্ত্রী পারভীন আক্তার (৪৫), কোতয়ালী মডেল থানার অশোকতলা গ্রামের মকবুল হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসী (২০) এবং আফরোজা (১৮)।

র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে তাদের হেফাজত হতে উল্লিখিত পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

উল্লেখ্য , ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি র‍্যাব-১১ জননিরাপত্তা রক্ষায় ও অপরাধ দমনে নিরলস কাজ করে যাচ্ছে। এই সময়ে ৩২৮ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৯৩ জন হত্যা মামলার আসামি এবং ৫২৩ জন মাদক কারবারিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে তারা জনমনে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএইচ