জাপানে জনশক্তি রপ্তানি ও দেশের অভ্যন্তরে আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করেছে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি।
রোববার সকাল ১১টায় জেলা সদরের খলিলগঞ্জে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে ৪টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলায় জেনারেল কেয়ারগিভিং, ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন ও বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশনে ট্রেনিংপ্রাপ্ত ২০০ জনকে চাকরি প্রদানের ব্যবস্থা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির ট্রেনিং কো-অর্ডিনেটর সেখ সালেহ আহমেদের সভাপতিত্বে ও একাউন্টস অফিসার মোর্শেদ শফিকুন্নবীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বক্তব্য রাখেন কুড়িগ্রাম এলজিইডির রিজিওনাল লাইভলিহুড অফিসার আব্দুল হাই, সাইক গ্রুপের হেড অব জব প্লেসমেন্ট মামুনুর রশিদ ও জব প্লেসমেন্ট অফিসার সৈকত কুমার বিশ্বাস।
জব ফেয়ারে অংশগ্রহণ করা চাকরি প্রত্যাশীরা জানান, তারা সাইক থেকে কেয়ারগিভিংয়ে লেভেল-২ সম্পন্ন করে ভালো বেতনে চাকরি পাচ্ছেন, এটি তাদের জন্য অনেক আনন্দের।
সাইক গ্রুপের হেড অব জব প্লেসমেন্ট মামুনুর রশিদ জানান, তারা ২০০ জনকে প্রাথমিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রদান করছেন। এছাড়া তাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাপানে কাজ করার সুযোগ লাভ করবে। তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রতিষ্ঠানটির ট্রেনিং কো-অর্ডিনেটর সেখ সালেহ আহমেদ জানান, দেশের বাইরে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় তাদের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে ও স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে সহজে চাকরি লাভ করতে পারে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন