ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:১০ পিএম
ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিসহ পরোয়ানাভুক্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান পিপিএমের নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, এসআই সৈকত মজুমদার, এসআই সুজন কুমার আচার্য্য এবং এএসআই কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৪ নম্বর শশীদল ইউনিয়ন থেকে পরোয়ানাভুক্ত দুই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মানরা গ্রামের নাজমা বেগম এবং উত্তর তেতাভূমি গ্রামের মায়া বেগম।

পৃথক অভিযানে ৮ নম্বর মালাপাড়া ইউনিয়ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল এবং পরোয়ানাভুক্ত আসামি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মো. জালাল রামনগর গ্রামের বাসিন্দা এবং তিনি একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। গ্রেপ্তারকৃত অন্য আসামি মো. কামাল হোসেন পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ