নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার বিকেলে এ নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস।
সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য।
নোটিশে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে তার ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। ভিডিওটিতে প্রতীক বরাদ্দের আগেই তাকে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিডিওটি কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আচরণ বিধিমালার বিধি-৩ ও বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত সিনিয়র সিভিল জজ (৩য় আদালত) এর অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ ছাড়া নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন অতি দ্রুত কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে জানানো হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন