তেলের টাকা চাওয়ায় শ্রমিককে পিষে মারল গাড়ি: মালিক ও চালক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১০ পিএম
তেলের টাকা চাওয়ায় শ্রমিককে পিষে মারল গাড়ি: মালিক ও চালক গ্রেপ্তার

রাজবাড়ীতে ৫ হাজার টাকার জ্বালানি তেলের পাওনা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় রিপন সাহা নামের এক পাম্প শ্রমিককে জিপ গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোররাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার পবিত্র সাহার ছেলে। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন এবং গাড়ির চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলের দিকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

করিম ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোররাত ৪টা ৩০ মিনিটের দিকে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি পাম্পে এসে ৫ হাজার টাকার তেল নেয়। ফুটেজে গাড়ির পাশে দাঁড়িয়ে রিপন সাহা ও গাড়িমালিক আবুল হাসেম সুজনকে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর সুজন গাড়িতে উঠে বসেন। গাড়িটি কোনো টাকা না দিয়েই হঠাৎ দ্রুতগতিতে টান দেয়। এ সময় শ্রমিক রিপন সাহা টাকার জন্য দৌড়ে গাড়ির সামনে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে পিষে দিয়ে দ্রুত পালিয়ে যান চালক। 

পাম্পের আরেক শ্রমিক জাকির হোসেন জানান, রিপন সাহা টাকার জন্য ঢাকা খুলনা মহাসড়ক পর্যন্ত গাড়ির পিছু নিয়ে দৌড়ান। জাকিরও তাদের পেছনে যাচ্ছিলেন। কিন্তু কিছুদূর গিয়ে তিনি দেখেন, রিপনের মাথা ও মুখ থেতলানো নিথর দেহ মহাসড়কের ওপর পড়ে আছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর রাজবাড়ী সদর থানা ও আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত তদন্তে নামে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার পর বিকেলের দিকে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে ল্যান্ড ক্রুজার জিপটি জব্দ করা হয়। ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় এর মালিক আবুল হাসেম সুজনকে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বানিবহ নিজপাড়া গ্রাম থেকে চালক কামাল হোসেনকেও আটক করা হয়। 

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপনের মর্মান্তিক মৃত্যুতে পাম্পের সহকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে।

গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক গুরুত্বপূর্ণ নেতা এবং জেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি পেশায় একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তবে তাঁর অপরাধের রেকর্ড এটিই প্রথম নয়। 

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির একটি বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করেছিল গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে বের হয়ে আবারও এ নৃশংস কাণ্ডের সাথে জড়িয়ে পড়লেন।

একজন গরিব শ্রমিকের রক্তের বিনিময়ে ৫ হাজার টাকা বাঁচানোর এ মানসিকতাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন স্থানীয়রা। নিহত রিপন সাহার পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

পুলিশ জানিয়েছে, আসামিদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

রাজবাড়ী সদর থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজটি এ মামলার প্রধান আলামত হিসেবে কাজ করবে এবং জড়িতদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।

ইএইচ