নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারচর এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা মেট্রো-গ ১৩-৪৯৯৯ নম্বরের একটি প্রাইভেটকার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার এক পর্যায়ে হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় প্রাইভেটকারটি।
পাম্পের কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এ বিস্ফোরণ ঘটেছে। চালক পালিয়ে গেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন