বরিশালের আগৈলঝাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সম্ভাব্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লিখন বনিকের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নের ৬০টি ভোট কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগৈলঝাড়া প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনকে অবহিত করেন।
তাদের কথা শুনে তিনি ভোটের পূর্বেই বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহি, সহকারী কমিশনার ভূমি মো. বায়জিদ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোর্শেদ সজীব ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন