আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 'আজ আমরা আমাদের প্রিয় প্রতীক ধানের শীষ পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটি। ধানের শীষ এ দেশের জনগণের আস্থার প্রতীক, টাঙ্গাইল সদরের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ, এবার বিজয় ধানের শীষেরই হবে।'
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন