ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত দর্শনার্থীরা

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:১৭ পিএম
ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত দর্শনার্থীরা

শেষের পথে থাকলেও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারে দর্শনার্থীদের ঢলে জমে উঠেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে আয়োজিত মেলার প্রাঙ্গণজুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

একদিকে দর্শনার্থীদের উল্লাস, অন্যদিকে বেচাকেনার চাঙ্গাভাব সব মিলিয়ে শেষ সময়ে প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্য মেলা।

শুক্রবার ও শনিবার মেলার প্রায় সব স্টলেই ছিল বিশেষ ছাড়। এতে আগ্রহ বেড়েছে ক্রেতাদের।

পোশাক, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিক পণ্য, হস্তশিল্প ও খাদ্যপণ্যের স্টলগুলোতে দেখা গেছে ব্যাপক ভিড়। ছুটির দিন হওয়ায় পরিবারসহ অনেকেই মেলায় এসে কেনাকাটা ও ঘোরাঘুরিতে মেতেছেন।

মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা যায়, কেউ প্রয়োজনীয় পণ্য কিনছেন, কেউ নতুন পণ্যের খোঁজে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন। সন্ধ্যার পর আলোকসজ্জা ও ফোয়ারা এলাকার চারপাশে দর্শনার্থীদের ভিড় আরো বাড়তে থাকে। ছবি তোলা ও সময় কাটাতে ব্যস্ত ছিলেন অনেকেই।

বাড়তি ক্রেতা সমাগমে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মেলার শেষ দিকে এসে এমন বিক্রি হলে লাভের আশা করা যায়। বিশেষ করে ছুটির দিনগুলোতে বেচাকেনা তুলনামূলক ভালো হওয়ায় অনেক স্টল মালিকই স্বস্তি প্রকাশ করেছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, ছুটির দিনে মেলায় উল্লেখযোগ্য হারে দর্শনার্থী বেড়েছে। দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা জোরদার রাখা হয়েছে। 

সব মিলিয়ে, শেষের পথে থাকলেও সপ্তাহান্তের ছুটিতে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

ইএইচ