কর্ণফুলীতে শিশুনির্যাতনের অভিযোগে আটক ১

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:১২ পিএম
কর্ণফুলীতে শিশুনির্যাতনের অভিযোগে আটক ১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার সৈন্যরটেক এলাকার একটি হোমিওপ্যাথিক ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. মিজানুর হক ক্বারী (৫৫)। তিনি বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় বসবাস করেন। অভিযুক্ত ব্যক্তি গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকের পরিচালক এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শনিবার সকালে শিশুটি তার ছোট ভাইকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ডেকে নিজের চেম্বারে নিয়ে যান। পরে শিশুটি বাসায় ফিরে পরিবারের কাছে নির্যাতনের ঘটনার কথা জানায়।

ঘটনাটি জানার পর পরিবার পুলিশকে অবহিত করে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুও পরিবারের কাছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর পেয়ে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ