ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ভূঞাপুরের অর্জুনা এলাকায় ভোটারদের নগদ টাকা বিতরণ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পাঁচশ ও এক হাজার টাকার নোট হাতে নিয়ে জামায়াতের নেতা টাকা দিচ্ছেন বলে তার পিছে পিছে মিছিল করা হচ্ছে।
গত বুধবার (২৮ জানুয়ারি) ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় শুরু হয়।
পরে বিষয়টি নজরে এলে সরেজমিনে ঘটনাস্থলে যান নির্বাচনী আচরণবিধি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। এ সময় থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির হোসেনসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের বিরুদ্ধে ভোটারদের নগদ টাকা দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপির নেতাকর্মীরা, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিজের পকেট থেকে টাকা বের করে তাদের সমর্থকদের হাতে দিচ্ছেন আর বলছেন জামায়াতের লোকেরা টাকা দিয়ে ভোট চাচ্ছে। তাদের কাছে এটা আমরা কখনো কাম্য করিনি। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। নির্বাচনী প্রচারণায় আর যেন বাধা সৃষ্টি না হয় তার জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’
এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। সেখানে ভোটারদের সাথে কথা বলে টাকা লেনদেনের কোনো প্রমাণ পাইনি। তবে দুই পক্ষের ধস্তাধস্তি হয়েছে সেই বিষয়টি আমরা জানতে পেরেছি।’
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন