টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধ সনাতন ধর্মাবলম্বীরা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৫২ পিএম
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধ সনাতন ধর্মাবলম্বীরা

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের সনাতন ধর্মাবলম্বীরা। 

শুক্রবার সকালে শহরের কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমার মোবাইল নম্বর এ মন্দিরের সামনে বড় করে লিখে রেখে যাব। যেকোনো সময় আমাকে কল দেবেন। আপনাদের বিপদে আমি পাশে থাকব। কোনো বিপদ যেন না হয়, সেভাবেই টাঙ্গাইল চলবে।’

টুকু আরও বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে পথ চলে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি প্রকৃত শক্তি। তিনি প্রত্যাশা করেন, ভোটাররা ধানের শীষের পক্ষে রায় দেবেন। তিনি নির্বাচিত হলে টাঙ্গাইলে সবার সহাবস্থান ও শান্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে যেন সারা দেশের তালিকায় এ জেলা এক নম্বরে থাকে। তিনি একটি শান্তিপূর্ণ বাংলাদেশের ওপর গুরুত্বারোপ করেন যেখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে দেশকে এগিয়ে নেবে। 

টুকু বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ।’ দেশ যেন কোনো উগ্রবাদী গোষ্ঠীর হাতে না যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, সুলতান সালাউদ্দিন টুকু একজন জাতীয় নেতা। তিনি এলাকার মানুষের কল্যাণে রাজনীতি করছেন। তাঁর মতো যোগ্য নেতাকে পেয়ে টাঙ্গাইলবাসী গর্বিত। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালীবাড়ী মন্দিরের সভাপতি বাবু স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ।

ইএইচ