ভাওয়াল বিল ইজারা

নেত্রকোণায় বিলের তীরবর্তী প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দেওয়ার দাবি

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:৫০ পিএম
নেত্রকোণায় বিলের তীরবর্তী প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দেওয়ার দাবি

নেত্রকোণার সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় অবস্থিত ভাওয়াল বিলটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের আওতাধীন, ২০১৪ সালে মৎস্য অভয়াশ্রম (প্রজননক্ষম মাছের নিরাপদ আশ্রয়স্থল) নামে গড়ে উঠে। এ বিলের মাছও হয় খুব সুস্বাদু। মৎস্য অভয়াশ্রমটির আয়তন ০.৮৯ হেক্টর ও জলাশয়ের আয়তন ৪.৪৫ হেক্টর।   

যা মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২৫ -২৬ অর্থ বছরে ভাওয়াল বিলের প্রজননক্ষম মাছের নিরাপদ আশ্রয়স্থলটি পুনরায় মেরামত করা হয়েছে।

সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা -২০০৯ অনুযায়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন (২০ একর পর্যন্ত) ইজারাযোগ্য জলমহাল তিন বছর মেয়াদে সাধারণ আবেদনের মাধ্যমে ইজারা প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নিবন্ধিত প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ অথবা সদস্যগণের নিকট হতে নির্ধারিত সময়সূচি, নিয়মাবলি বা শর্তাবলি ও চেকলিস্ট অনুসরণপূর্বক আবেদন করতে হয়। 

তারই ধারাবাহিকতায় নেত্রকোণা সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক জলমহাল ইজারা প্রদানের নিমিত্তে ভাওয়াল বিলের "মৎস্য অভয়াশ্রম" টি আগামী তিন বছরের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর - (১/২০২৬)।

ভাওয়াল বিলের তীরবর্তী স্থানীয়- কাঞ্চনপুর ভাওয়ালপাড় মৎস্যজীবী সমিতি লিঃ এর সভাপতি মো. আশরাফুলের কাছে ইজারা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আমার সংবাদের প্রতিনিধিকে জানান, আমাদের সমিতির বিশজন সদস্যই প্রকৃত কার্ডধারি মৎস্যজীবী। এ পেশায় জীবিকা নির্বাহ করেই আসছি আমরা। বিলটি ইজারা নেয়ার জন্য সরকারি নিয়মানুযায়ী মেনে আবেদন করেছি। তারই পাশাপাশি (২৭ জানুয়ারি) নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট শাখা থেকে সমিতির নামে প্রত্যয়ন পত্র প্রদান করেছে। আমার দাবি প্রকৃত জেলেদের বেঁচে থাকার জীবন সংগ্রামের কথা বিবেচনা করে বিলের তীরবর্তী জেলেদের অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে আমাদের কাঞ্চনপুর ভাওয়ালপাড় মৎস্যজীবী সমিতি লিমিটেড এর সদস্যদের সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এএন