শহীদ সাংবাদিক মেহেদীর বাবার ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:৫৬ পিএম
শহীদ সাংবাদিক মেহেদীর বাবার ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ

জুলাই আন্দোলনে পটুয়াখালীর প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালী। 

দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ‘জুলাই ঐক্য পটুয়াখালী’ এর আয়োজনে পৌর শহরের ঝাউতলা এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 

সমাবেশে উপস্থিত ছিলেন, জুলাই ঐক্য পটুয়াখালীর আহ্বায়ক আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বশার, জেলা ছাত্র শক্তির সভাপতি মিরাজ ইমতিয়াজ, জেলা ওলামা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ও এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন। 

মিছিল শেষে তারা প্রথমে পুলিশ সুপারের কার্যালয় এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পটুয়াখালী-২ আসনের ধুলিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় স্থানীয় যুবদল নেতা জামাল ও রাফার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাধা দেয়। এর প্রতিবাদ করায় শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনায় বাউফল থানায় মামলা করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করেনি। উল্টো আসামিদের সাথে আঁতাতের অভিযোগ উঠেছে। 

বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইএইচ