নোয়াখালীতে প্রথমবারের মতো মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ‘জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
রোববার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার প্রথম অডিশন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।
আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মো. নূরুল্যার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনানের সঞ্চালনায় দিনব্যাপী এ অডিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ, সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমির মাওলানা মোশারফ হোসেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি কামরুল হাসান বিন কাসেম ও সমাজসেবক শেখ মোহাম্মদ মতিন।
ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিচারকদের সমন্বয়ে প্রথম অডিশনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই শেষে দ্বিতীয় অডিশনের জন্য ৬৫ জনকে নির্বাচিত করে ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়। সোমবার ২ ফেব্রুয়ারি বসুরহাট পৌর অডিটোরিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় অডিশন থেকে নির্বাচিত সেরা ২০ হাফেজ আগামী ২৫ ফেব্রুয়ারি বুধবার বসুরহাট হাইস্কুল মাঠে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা ও বিশেষ সম্মাননা।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৩০ ও ২০ হাজার টাকা এবং বাকি ১৭ জনের জন্য সম্মাননা উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন