৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হাকিমপুরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন হিলি রেলওয়ে কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, হিলি রেলওয়ে শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে, অথচ কর্মচারীদের বেতন আগের মতোই রয়ে গেছে। সামান্য বেতনে সংসার চালাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা আরও বলেন, ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীদের আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব হবে। দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে এটি কার্যকর করার জোর দাবি জানান তারা।
পরে হিলি রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি মিছিল বের করে হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন