নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নবম পে-স্কেল কোনো অনুগ্রহ নয়, এটি রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
রাজশাহী বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. মাসুদ করিম বলেন, বৈষম্যহীন নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়ন ছাড়া আমরা কোনো আপস করব না।
রাজশাহী বেতারের কর্মচারী বনি আমিন বলেন, ড. ইউনুস সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সরকার আমাদের হতাশ করেছে। সামনে জাতীয় নির্বাচন রয়েছে—নির্বাচনের আগেই নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের কারণে কর্মচারীদের জীবনযাপন চরম সংকটে পড়েছে। দ্রুত নবম পে-স্কেল কার্যকর না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে বলে ঘোষণা দেওয়া হয়।
এসময় মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের একেএম সোহেল রানা, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের আলমাস হোসেনসহ রাজশাহী বেতার, রাজশাহী পোস্ট অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী নেতৃবৃন্দ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন