ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচনী মাঠে ব্যাপক সরবতা দেখা যাচ্ছে। গ্রাম থেকে শহর, হাটবাজার থেকে অলিগলি—সবখানেই এখন ভোটের আলোচনা।
জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে প্রচার-প্রচারণার দিক থেকেও সবচেয়ে এগিয়ে রয়েছে এ আসনটি। জেলা সদর হওয়ায় সবার নজর এখন টাঙ্গাইল-৫ আসনের দিকে।
এ সরব প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। ধারাবাহিক গণসংযোগ, বহুমাত্রিক প্রচারণা ও নেতা-কর্মীদের সক্রিয়তায় তিনি নির্বাচনী মাঠ জমিয়ে তুলেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের এ আসনে প্রার্থী ১০ জন। সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ কংগ্রেসের এ কে এম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, স্বতন্ত্র মো. ফরহাদ ইকবাল, জাতীয় পার্টির মো. মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. হাসরত খান ভাসানী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।
তবে প্রচারণার মাঠে দৃশ্যমান উপস্থিতি ও জনসম্পৃক্ততার দিক থেকে সুলতান সালাউদ্দিন টুকু অনেকটা এগিয়ে রয়েছেন বলে ভোটার ও স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন।
জানা গেছে, তফসিল ঘোষণার পর থেকেই পুরোদমে মাঠে নেমে পড়েন সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসংযোগ করছেন। সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর টাঙ্গাইল-৫ আসনে এমন সরব নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।
প্রচারণায় ভিন্নমাত্রা আনতে ডিজিটাল মাধ্যমেও জোর দিয়েছেন টুকু। মুঠোফোনে সরাসরি ভোটারদের কল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ও ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া মাঠপর্যায়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চলছে। কোথাও কোথাও বাউলশিল্পী ও নাট্যশিল্পীদের পরিবেশনায় গান ও নাটকের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হচ্ছে।
শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে তার সমর্থনে ব্যানার, ফেস্টুন ও পোস্টারের উপস্থিতি চোখে পড়ার মতো। দলীয় নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আলাদা আলাদা টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করছেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত আধুনিক ও নিরাপদ জেলায় পরিণত করাই তার প্রধান লক্ষ্য। দলমত, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই তিনি ভোটারদের সহযোগিতা কামনা করছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন