আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নৌযান ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকায় লঞ্চ ও ইঞ্জিনচালিত বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে নির্দিষ্ট রুটে নিয়মিত চলাচলকারী নৌযান এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। একই সঙ্গে ভোটার ও সাধারণ জনগণের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযানের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এর পাশাপাশি একই সময়সীমায় ট্যাক্সি ক্যাব, কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জরুরি প্রয়োজনে এ নিষেধাজ্ঞায় কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জরুরি সেবা কার্যক্রমে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহনও নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
এ ছাড়া বিমানযাত্রীদের আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত যানবাহনের জন্য টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহনও এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও এজেন্টের জন্য নির্দিষ্ট শর্তে ছোট আকৃতির যানবাহন ব্যবহারের অনুমতি থাকবে। একইভাবে সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল চলাচলের সুযোগ থাকবে।
টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও অনুমোদিত প্রতিষ্ঠানের যানবাহনও এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন