আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বাগমারার বইকুড়ি সরদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের ধারণা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন