‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:০৮ পিএম
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ গ্রন্থে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের হাহাকার, নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের কান্না এবং তিস্তা নদী রক্ষায় গড়ে ওঠা আন্দোলনের নানা দিক তুলে ধরা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে শহরের ‘হামার বাড়ি’তে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তাপাড়ের মানুষের বঞ্চনা ও অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস এ গ্রন্থে তুলে ধরা হয়েছে। বইটি আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, শৈশবে যে প্রমত্তা তিস্তা নদী তিনি দেখেছেন, সময়ের ব্যবধানে সেই নদী আজ বিধ্বংসী রূপে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। একসময় গোয়ালভরা গরু আর পুকুরভরা মাছের যে জনপদ ছিল, সেখানে এখন কেবল অভাব ও হাহাকার।

তিনি বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রায় দুই কোটি মানুষকে সংগঠিত করে তিস্তা রক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। সেই আন্দোলনের আবেগ ও স্মৃতি বইটিতে নথিবদ্ধ করা হয়েছে। 

মতবিনিময় শেষে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের হাতে বইটি উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ